নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের নতুন ওয়েব সিরিজ ‘অ্যানি’-এর ট্রেইলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। এক মিনিট ৪০ সেকেন্ডের এই ট্রেইলারটি দর্শকদের এক রহস্যময়, অস্বস্তিকর এবং ডিস্টোপিয়ান জগতের আভাস দিয়েছে, যেখানে ‘রেড ডিজিজ’ নামক এক ভয়াবহ ভাইরাসের থাবায় সমাজ অবরুদ্ধ। তবে এটি সাধারণ কোনো মহামারি নয়, বরং এটি একটি ‘হেইট প্যান্ডেমিক’ যা মানুষের মধ্যে ভয়ানক আসক্তি তৈরি করে।
সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, যিনি একজন তরুণ নার্স। তিনি তার পাঁচ ভাইবোন—বেনি, জেনি, এপ্রিল, মে এবং জুনকে নিয়ে বেঁচে থাকার কঠিন সংগ্রাম চালিয়ে যান। ট্রেইলারটি তাদের এই টিকে থাকার লড়াই এবং মানসিক দ্বন্দ্বের গল্পকেই তুলে ধরেছে।
‘অ্যানি’ সিরিজটি জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে বিশ্ব প্রিমিয়ার হতে চলেছে এবং সেখানে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে প্রতিযোগিতা করবে। নাজিফা তুষি ছাড়াও এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন ও ফারহানা মিঠু। ২০২৩ সালে গাজীপুরের একটি রিসোর্টে ৩৪ দিন ধরে এই সিরিজের শুটিং সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, আবদুল্লাহ মোহাম্মদ সাদ এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তার প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’ (২০১৬) মুক্তি পেয়েছিল ২০১৯ সালে এবং এটি বোদ্ধামহলে বেশ প্রশংসিত হয়েছিল।
রিপোর্টারের নাম 

























