যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সম্প্রতি এক বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করে চাঁদপুর জেলা সমিতি। টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয় যুক্তরাজ্যপ্রবাসী চাঁদপুরবাসীদের এক মিলনমেলায়, যেখানে কমিউনিটি ঐক্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংহতির বার্তা উচ্চারিত হয়।
গত শনিবার বেথনালগ্রিনের একটি রেস্টুরেন্টে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া এবং মেয়র লুৎফুর রহমানের কৌশলগত উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ জুবায়ের উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। ব্যারিস্টার আসাদুজ্জামান, সোলাইমান প্রধান, ইমরান রহমান, স্মৃতি আজাদ, সলিসিটর কামরুজ্জামান, সোহেল আহামেদ, আশিক চৌধুরী, ফারজানা, ফজলে রাব্বিসহ সমিতির অন্য সদস্যরা সার্বিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করেন।
প্রধান অতিথি লুৎফুর রহমান তার বক্তব্যে কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিউনিটিই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক ও সুস্থির দৃষ্টান্ত স্থাপন করতে। এমন মহতী উদ্যোগের জন্য তিনি চাঁদপুর জেলা সমিতির সভাপতি, সম্পাদক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সমিতির সভাপতি জসিম উদ্দিন তার বক্তব্যে সমিতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাজ্যে বসবাসরত চাঁদপুরবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি এই লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা ও একাগ্রতা প্রত্যাশা করেন।
সব মত ও পথের মানুষের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানটিকে এক বৃহৎ মিলনমেলায় পরিণত করে। উপস্থিত অতিথিরা এমন আয়োজনকে কমিউনিটি সংহতি ও বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। বক্তারা এ সময় পবিত্র রমজান মাসের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করেন। সবশেষে, দারুল উম্মাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসনাত চৌধুরী দেশ, জাতিসহ বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।
রিপোর্টারের নাম 






















