যুক্তরাজ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য বিএনপির জোন-২-এর আওতাধীন ১৯টি জোনাল কমিটির প্রতিনিধি সমাবেশ। গত সোমবার বিকেল ৫টায় বার্মিংহামের একটি স্থানীয় হলে আয়োজিত এই সভায় যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ, জোনাল প্রতিনিধি এবং তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে উদ্বোধনী বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আজাদ আবুল কালাম বলেন, “দলের দুর্দিনে যারা ত্যাগ-তিতিক্ষা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সংগঠনকে টিকিয়ে রেখেছেন, তারাই আগামী দিনে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বে আসবেন।” তিনি জানান, যুক্তরাজ্যে দলকে একটি শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত করতে আহ্বায়ক কমিটি ইতোমধ্যে প্রত্যেক জোনে ধারাবাহিকভাবে সাংগঠনিক সফর শুরু করেছে।
তিনি আরও বলেন, তৃণমূল প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে প্রতিটি সাংগঠনিক কমিটি পুনর্গঠন করা হবে। প্রকৃত আদর্শে বিশ্বাসী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে উল্লেখ করে তিনি স্পষ্টভাবে জানান, দলের আদর্শবিরোধী বা কোনো অপশক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন ব্যক্তির স্থান যুক্তরাজ্য বিএনপি কিংবা এর কোনো সাংগঠনিক কমিটিতে হবে না।
আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন শরীফুর জামান চৌধুরী তপন, এমদাদ হোসেন টিপু, তাজুল ইসলাম, মিজবাউজ্জামান সুহেল, গুলজার খাঁন, মোহাম্মদ ফয়জুল হক, হাসানাত কবীর খান রিপন, আসাদুজ্জামান আহমেদ, সালেহ গজনবী, সেলিম আহমেদ, শামীম আহমেদ এবং হাবিবুর রহমান হাবীব প্রমুখ। সম্মেলনে বক্তারা যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী, কার্যকর ও প্রাণবন্ত করতে অভিজ্ঞতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে জোনাল ও অন্যান্য কমিটিগুলোকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল প্রতিনিধিরা মতামত প্রদানকালে দলের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক অবস্থান সুদৃঢ় রাখার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 






















