সৌদি আরবে আটক হওয়ার এক মাস পর জামিন পেয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। মঙ্গলবার দেশটির আদালত তার জামিন মঞ্জুর করলে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।
জানা গেছে, পবিত্র হজ মৌসুমে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় গেলে গত ৯ মে আহমেদ আলী মুকিবকে আটক করে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই দিনে মক্কা প্রশাসন তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। পরবর্তীতে ১৪ মে তাকে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয় এবং ১৭ মে থেকে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট তার মুক্তির জন্য উদ্যোগ নিলেও সৌদি কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আবদাল তার মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, আহমেদ আলী মুকিব সৌদি আরবের কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং আশা করা হচ্ছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তিনি দেশে ফিরবেন।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, তিনি গত ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের ছুটি নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন এবং সেখানে কিছু কাগজপত্র সংক্রান্ত জটিলতায় পড়েন।
রিপোর্টারের নাম 






















