মরিশাসে বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য দুই দেশ দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে সম্মত হয়েছে। এই সমঝোতা স্মারকের একটি খসড়া শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলে জানা গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে।
গতকাল (সোমবার) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর সাইডলাইনে জাতিসংঘের সভাকক্ষে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ বাজার পুনরায় চালু এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ থেকে জনশক্তি প্রেরণের লক্ষ্যে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের জন্য মরিশাস সরকারকে অনুরোধ করেন। তিনি বলেন, টেক্সটাইল শিল্প ছাড়াও বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স এবং অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি মরিশাসে পাঠাতে বাংলাদেশ সরকার প্রস্তুত। তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরেরও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রমমন্ত্রী বলেন, মরিশাস সরকার বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী, বিশেষ করে দেশটির ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের জন্য প্রচুর দক্ষ কর্মীর প্রয়োজন। তিনি আশ্বাস দেন যে, পুনরায় শ্রমবাজার চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে।
রিপোর্টারের নাম 



















