মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সামরিক সংঘাতের জেরে নিরাপত্তা শঙ্কায় কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটিতে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
চলমান পবিত্র রমজান মাসে মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশটির সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান চালায়। এর পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ শুরু করে। এই পাল্টাপাল্টি হামলার প্রভাবে কুয়েতেও আঘাত হানা হয়েছে বলে খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় জমায়েত বা তারাবির নামাজ বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।
এদিকে, ইরানে চালানো এই হামলায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির রেড ক্রিসেন্টের দেওয়া তথ্যমতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত অন্তত ২০১ জন নিহত হয়েছেন। ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশেই এই হামলা চালানো হয়েছে, যাতে আহত হয়েছেন আরও ৭৪৭ জন।
পরিস্থিতি মোকাবিলায় এবং দুর্গতদের সহায়তায় ইরানের রেড ক্রিসেন্টের ২২০টিরও বেশি উদ্ধারকারী দল বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছে। ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে পুরো অঞ্চলে বর্তমানে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
রিপোর্টারের নাম 























