ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত ও সুস্থ আছেন। তার মৃত্যুর খবরকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে তেহরান। এর আগে এক ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, যা ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সর্বোচ্চ নেতার সুস্থতার বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।
অন্যদিকে, একটি বিদেশি সংবাদ সংস্থার প্রতিবেদনে এক শীর্ষ ইসরাইলি কর্মকর্তার দাবির কথা উল্লেখ করা হয়। ওই কর্মকর্তা দাবি করেন, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন এবং তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এই দাবিকে মিথ্যাচার ও অপপ্রচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
এই গুজবের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে জানান, দেশের প্রায় সব উচ্চপদস্থ কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদে আছেন। তার এই মন্তব্য প্রকারান্তরে সর্বোচ্চ নেতার সুস্থতার বিষয়টিই নিশ্চিত করে এবং তার মৃত্যুর গুজবকে আরও ভিত্তিহীন প্রমাণ করে।
রিপোর্টারের নাম 























