তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির সরকার। রাষ্ট্রীয় গণমাধ্যম ও উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ অন্য সিনিয়র নেতারা সম্পূর্ণ নিরাপদে আছেন।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, মাসুদ পেজেশকিয়ান সুস্থ ও নিরাপদ রয়েছেন। তার নির্বাহী ডেপুটি মোহাম্মদ জাফর কায়েমপানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামে এক বার্তায় জানান, এবারও তাদের হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকেও কমান্ডার আমির হাতেমির মৃত্যুর খবরটি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। এছাড়া ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিও অক্ষত রয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা তেহরানের এমন কিছু স্থানে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে যেখানে ইরানের শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা অবস্থান করছিলেন। তবে তেহরান এই দাবিকে মনগড়া ও অপপ্রচার বলে অভিহিত করেছে। মূলত হামলার পর জনমনে বিভ্রান্তি ছড়াতেই এমন খবর প্রচার করা হচ্ছে বলে মনে করছে ইরানি কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 




















