মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাজ্য অংশ নিচ্ছে না বলে নিশ্চিত করেছে লন্ডন। একইসঙ্গে, এই হামলা পুরো অঞ্চলজুড়ে ভয়াবহ সংঘাত উসকে দিতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। পরিস্থিতি পর্যালোচনা করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ শনিবার জরুরিভিত্তিতে নিরাপত্তা সংক্রান্ত ‘কোবরা’ কমিটির বৈঠক ডেকেছেন, যেখানে তিনি সভাপতিত্ব করবেন।
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা যেকোনো সামরিক পদক্ষেপের মাধ্যমে বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যা তাদের কাম্য নয়। এক সরকারি মুখপাত্রের বরাতে জানা গেছে, “আমরা চাই না সংঘাত বেড়ে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষে রূপ নিক।” এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে ব্রিটিশ সরকারের ‘তাৎক্ষণিক অগ্রাধিকার’ হিসেবে উল্লেখ করেছেন ওই মুখপাত্র। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এবং যুক্তরাজ্যের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 




















