ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তেহরান বলেছে, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এই আগ্রাসনের জন্য হামলাকারীদের চরম মূল্য দিতে হবে এবং তারা তাদের কর্মকাণ্ডের জন্য অচিরেই অনুতপ্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার ভোরে ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলি বাহিনীর চালানো হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, এই হামলায় কেবল সামরিক ও প্রতিরক্ষা অবকাঠামোই নয়, বরং বেসামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। একে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালাসমূহের এক সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে তেহরান। তাদের ভাষ্যমতে, এ ধরনের সামরিক তৎপরতা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের কথা উল্লেখ করে ইরান জানিয়েছে, যেকোনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার বৈধ অধিকার তাদের রয়েছে এবং তারা সেই অধিকার প্রয়োগে দ্বিধা করবে না। তেহরানের দাবি, তাদের সশস্ত্র বাহিনী বর্তমানে যেকোনো পরিস্থিতির মোকাবিলায় এবং দেশের নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণ যুদ্ধপ্রস্তুতি নিয়ে রেখেছে।
আঞ্চলিক পরিস্থিতির কথা উল্লেখ করে ইরান আরও জানায়, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তারা দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শন করে আসছে। তবে জাতীয় নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে কোনো আপস করা হবে না। ইতিহাসের উদাহরণ টেনে বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, ইরান কখনো কোনো আগ্রাসনের কাছে নতিস্বীকার করেনি। ফলে এবারও ইসরায়েলি ধৃষ্টতার জবাব দেওয়া হবে অত্যন্ত কঠোরভাবে, যা আগ্রাসীদের জন্য চরম অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে।
রিপোর্টারের নাম 























