মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ চড়িয়ে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার ভোরে শুরু হওয়া এই আকস্মিক হামলার পর উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইরানজুড়ে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক জরুরি ঘোষণায় জানিয়েছে, সম্ভাব্য জরুরি অবস্থা সামাল দিতে দেশের প্রতিটি হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হামলায় হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি; তবে উদ্ধার অভিযান ও তথ্য যাচাই শেষে বিস্তারিত জানানো হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার সকালে তেহরানের আকাশ বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর শহরের বিভিন্ন স্থানে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। স্থানীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, তেহরানের জনবহুল এলাকা ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তেহরান ছাড়াও দেশের আরও কয়েকটি প্রধান শহরে জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, এই অভিযানটি ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিচালনা করেছে। বিশেষত ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পরোক্ষ আলোচনার আবহ চলাকালীন এই হামলা চালানো হলো। এই নজিরবিহীন সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে পুরো ইরানে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 























