ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। এই হামলার পর তেহরানের পক্ষ থেকে পাল্টা আক্রমণের আশঙ্কায় ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সম্ভাব্য হামলা মোকাবিলায় বর্তমানে পুরো দেশে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, তেলআবিবের বিরুদ্ধে বিদ্যমান হুমকি নির্মূল করতেই ইরানে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, ইরানি বাহিনীর সম্ভাব্য প্রতিক্রিয়া বা পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের বড় শহরগুলোতে ক্রমাগত সাইরেন বাজছে। দেশটির নিরাপত্তা বাহিনী সাধারণ নাগরিকদের জরুরি ভিত্তিতে নিকটস্থ বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করতে এবং সুরক্ষিত স্থানে অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণ মানুষের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। মধ্যপ্রাচ্যের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সরাসরি সংঘাতের এই ঘটনায় পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে দেশটির প্রতিরক্ষা দপ্তর।
রিপোর্টারের নাম 






















