পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান সংঘাত ও উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধের জোর আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত যৌক্তিক উদ্বেগগুলো যেমন গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন, তেমনি আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতিও যথাযথ সম্মান প্রদর্শন করা আবশ্যক।
মালয়েশীয় প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বভৌমত্ব বজায় রাখা—এই দুটি বিষয় একে অপরের পরিপন্থী নয়। বরং আলোচনার টেবিলে বসার মাধ্যমেই উভয় সংকটের শান্তিপূর্ণ ও কার্যকর সমন্বয় সম্ভব। মূলত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তিনি এই কূটনৈতিক তৎপরতা ও সংলাপের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
রিপোর্টারের নাম 























