রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যা মামলায় গ্রেপ্তার সিয়াম ওরফে ইমন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে আদালতে হাজির করা হলে সে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে রাজি হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই মো. মতিউর রহমান তার জবানবন্দি রেকর্ডের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।
মামলার বিবরণ ও পুলিশের তথ্য অনুযায়ী, নিহত বিন্তি রায়েরবাজার হাই স্কুলের শিক্ষার্থী ছিল। গত বুধবার রাতে ছোট ভাইকে মসজিদে রেখে কিছু কেনাকাটার জন্য হাজারীবাগের হায়দার হোটেল সংলগ্ন একটি অন্ধকার গলিতে বের হয় সে। এ সময় ওত পেতে থাকা সিয়াম তার ওপর হামলা চালায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার কিছুক্ষণ আগেও বিন্তি ওই তরুণের সঙ্গেই হাঁটছিল। হঠাৎ তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে সিয়াম তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে বিন্তিকে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা বিন্তিকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিহত বিন্তির বাবা মো. বিল্লাল হোসেন বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রিপোর্টারের নাম 

























