দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধের নির্দেশনা এবং এই রোগে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা জনস্বার্থে এই রিট আবেদনটি করেন।
রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবারকল্যাণ বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। আদালতে জমা দেওয়া আবেদনে বিবাদীদের প্রতি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ চাওয়া হয়েছে। এই প্রতিবেদনে হামে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের পরিমাণ, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা এবং এ বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।
পাশাপাশি, টিকাদান কাভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বিলম্বের কারণ নির্ণয়ের জন্য একটি পূর্ণাঙ্গ, স্বাধীন ও সময়সীমাবদ্ধ তদন্ত পরিচালনার নির্দেশনাও চাওয়া হয়েছে। দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপগুলো জরুরি বলে রিট আবেদনে উল্লেখ করা হয়।
রিপোর্টারের নাম 
























