আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির তালেবান সরকার। শুক্রবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। আফগান বাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে সামরিক অভিযান পরিচালনার কয়েক ঘণ্টা পরই এ হামলা চালানো হলো। এর ফলে কাতার-মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দুই দেশের সীমান্ত পরিস্থিতিকে চরম উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে।
আফগান সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তান শুধু কাবুলে নয়, দক্ষিণাঞ্চলের কান্দাহার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশেও বিমান হামলা চালিয়েছে। কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আফগান কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে হামলার সুনির্দিষ্ট স্থান ও সম্ভাব্য হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এর আগে আফগানিস্তান দাবি করে, গত রোববার সীমান্ত এলাকায় পাকিস্তানের প্রাণঘাতী বিমান হামলার জবাবে বৃহস্পতিবার গভীর রাতে তারা পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করে এবং এক ডজনের বেশি সেনা চৌকি দখল করে।
অন্যদিকে, ইসলামাবাদ জানিয়েছে, তাদের রোববারের অভিযান ছিল সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে পরিচালিত। আফগানিস্তানের সাম্প্রতিক হামলাকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে পাকিস্তান সেনা চৌকি দখলের আফগান দাবি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান আফগানিস্তানের নানগারহার প্রদেশে হামলা চালিয়ে একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। একই সূত্রমতে, সীমান্তে কথিত ‘উসকানিমূলক’ হামলার জবাবে পাল্টা অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।
নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, তালেবান বাহিনীর সীমান্ত লঙ্ঘনের পর পাকিস্তানি বাহিনী ‘অপারেশন গজব-লিল-হক’ শুরু করে। রাত ২টা পর্যন্ত পরিস্থিতির হালনাগাদ তথ্য দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, আফগান দিক থেকে ‘উসকানিমূলক হামলার’ জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা আঘাত হেনেছে।
এ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইন মেনে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, মতপার্থক্য নিরসনে দুই দেশকে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে।
রিপোর্টারের নাম 
























