সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তাদের শতভাগ স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে জি কে গউছ বলেন, “আমি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তিন মেয়াদে হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই সময়ে আমার হাত দিয়ে কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও একটি টাকাও তছরুপ হয়নি। এখন যেহেতু আরও বড় পরিসরে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, তাই আমার নির্বাচনি এলাকার তিনটি উপজেলাকে আমি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই।”
কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রতিটি দপ্তরে আগত সেবাপ্রার্থীদের হাসিমুখে সেবা দিতে হবে। মানুষ যেন সরকারি দপ্তরে এসে কোনো ধরনের মানসিক বা শারীরিক ভোগান্তির শিকার না হয়, সেটি নিশ্চিত করা আপনাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।
সামাজিক অবক্ষয় রোধে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, একটি মাদকমুক্ত উপজেলা গড়তে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নজরদারি বাড়াতে হবে। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিস্তার রোধে কোনো ধরনের আপস করা হবে না।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
রিপোর্টারের নাম 























