নেপালে ভয়াবহ তুষারধসে ৭ পর্বতারোহী নিহত হয়েছেন। গত সোমবার (৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় ইয়ালুং রি পর্বতচূড়ায় এই দুর্ঘটনা ঘটে।
অভিযান আয়োজনকারী প্রতিষ্ঠান ‘ড্রিমার্স ডেস্টিনেশন’ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ইতালির নাগরিক, একজন জার্মান, একজন ফরাসি এবং দুইজন নেপালি নাগরিক রয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) ড্রিমার্স ডেস্টিনেশনের কর্মকর্তা ফুরবা তেনজিং শেরপা বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমি নিজ চোখে সাতজনের মরদেহ দেখেছি।” তিনি জানান, সোমবার সকালে ইয়ালুং রি পর্বতচূড়ার (উচ্চতা ৫ হাজার ৬৩০ মিটার বা ১৮ হাজার ৪৭১ ফুট) বেস ক্যাম্পে ১২ জন পর্বতারোহীর ওপর এই তুষারধস নেমে আসে।
ডোলাখা জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গিয়ান কুমার মাহাতো জানিয়েছেন, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন ফরাসি ও দুইজন নেপালি নাগরিক।
মাহাতো বলেন, “আজ সকালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে নিচে নামিয়ে আনে।”
বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। দেশটিতে প্রতিবছর শত শত পর্বতারোহী ও ট্রেকার অভিযানে যান। শরৎকাল হিমালয়ের অভিযানের দ্বিতীয় ব্যস্ততম মৌসুম, যদিও এই সময় আবহাওয়া ঠান্ডা থাকে, দিন ছোট হয় এবং তুষারে ঢাকা এলাকা বেশি থাকে।
গত সপ্তাহে সাইক্লোন ‘মোন্থা’র প্রভাবে নেপালের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাত হয়। এতে অনেক পর্বতারোহী ও পর্যটক হিমালয়ের জনপ্রিয় রুটগুলোতে আটকা পড়েন।
এদিকে, দেশটির পশ্চিমাঞ্চলে একটি দুর্গম পর্বত আরোহণের সময় আরও দুইজন ইতালীয় নাগরিক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে নেপালের পর্যটন কর্তৃপক্ষ।
হিমালয়ান ডেটাবেসের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত নেপালের বিভিন্ন পর্বতে অন্তত এক হাজার ৯৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের প্রায় এক-তৃতীয়াংশই তুষারধসের শিকার হয়েছেন।
রিপোর্টারের নাম 
























