দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী বেলাল হোসেন প্রকাশ সুমন। বুধবার (৮ জুলাই) বিকেলে জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি এই হামলার শিকার হন।
নিহত সুমন বেগমগঞ্জ উপজেলার মিরওয়াারীশপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় সুমনের গ্রামের বাড়িতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেন সুমন প্রায় ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। গত এক বছর আগে তিনি একবার দেশে এসে ঘুরে গিয়েছিলেন। বুধবার বিকেলে একদল সশস্ত্র সন্ত্রাসী তার দোকানে প্রবেশ করে অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সুমনের মাথা ও ঘাড়ে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের খবর তার গ্রামের বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম শুরু হয়। প্রবাসে এমন দুঃখজনক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে নীরবতা।
এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানিয়েছেন, তিনি গণমাধ্যম কর্মীদের কাছ থেকে বিষয়টি অবগত হয়েছেন। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 

























