কিউবার উত্তর উপকূলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোটে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত চারজন নিহত হয়েছেন। এই রক্তক্ষয়ী সংঘর্ষে আরও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়েছে, স্পিডবোটটি অবৈধভাবে কিউবার জলসীমায় প্রবেশ করে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। কিউবার উত্তর উপকূলীয় অঞ্চল ‘কায়ো ফ্যালকোনেস’ থেকে প্রায় এক মাইল উত্তর-পূর্ব দিকে এই গুলিবিনিময়ের ঘটনাটি ঘটে।
কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে ব্যবহৃত স্পিডবোটটির নিবন্ধন নম্বর তাদের সংগ্রহে রয়েছে। তবে নৌযানটিতে থাকা ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কিউবান কর্তৃপক্ষের অভিযোগ, ওই নৌযানটিতে মূলত যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবান নাগরিকরা অবস্থান করছিলেন। তারা কিউবার অভ্যন্তরে অনুপ্রবেশ করে নাশকতামূলক বা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্য নিয়ে সেখানে প্রবেশ করেছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আহতদের উদ্ধার করে চিকিৎসার আওতায় আনা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত শুরু করেছে কিউবার সংশ্লিষ্ট দপ্তর। এই ঘটনার পর ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























