পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে অন্তত ৩৪ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহতরা ভারতের মদদপুষ্ট ‘প্রক্সি বাহিনী’র সদস্য।
আইএসপিআর জানায়, গত কয়েকদিন ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালিত হয়। এর মূল লক্ষ্য ছিল ‘ফিতনা আল-খারিজ’ এবং ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামক দুটি সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা নির্মূল করা।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারটি ভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ‘ফিতনা আল-খারিজ’-এর ২৬ জন সদস্য প্রাণ হারান। এর মধ্যে উত্তর ওয়াজিরিস্তানের মীর আলি জেলায় ১২ জন এবং বান্নু জেলার নর্মি খেল এলাকায় পৃথক দুটি অভিযানে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া লাক্কি মারওয়াত জেলায় তীব্র বন্দুকযুদ্ধের পর আরও তিন সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, বেলুচিস্তান প্রদেশের সাম্বাজা এলাকায় পরিচালিত এক অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর আট সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনকে আফগান নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।
অভিযান শেষে ঘটনাস্থলগুলো থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সীমান্তে স্থিতিশীলতা রক্ষা এবং অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনে তাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 
























