পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের চোখের উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য দেশটির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তার দল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পিটিআইয়ের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে এই আবেদন দাখিল করা হয়। আবেদনে ইমরান খানকে দ্রুত ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের দাবি জানানো হয়েছে।
পিটিআইয়ের আইনজীবী লতিফ খোসা সুপ্রিম কোর্ট রুলস ২০২৫-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এই পিটিশনটি দায়ের করেন। মূলত ব্যারিস্টার সালমান সাফদারের তৈরি করা একটি স্বাস্থ্য প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালতের হস্তক্ষেপ কামনা করেছে দলটি। আবেদনে উল্লেখ করা হয়েছে, ৭৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর চোখের রেটিনায় সমস্যা দেখা দিয়েছে, যার জন্য জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়েছে, ইমরান খানের চিকিৎসার সময় তার ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল সুলতান ও ড. অসীম ইউসুফের পাশাপাশি পরিবারের সদস্যদের উপস্থিত থাকার অনুমতি দিতে হবে। একইসঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে জনমনে ও পরিবারের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের কথা বিবেচনা করে সকল মেডিকেল রিপোর্টের সত্যায়িত কপি আইনজীবীদের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, তোশাখানা ফৌজদারি মামলার কার্যক্রম নিয়ে ইসলামাবাদ হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওই মামলার কার্যক্রম স্থগিত করেছে সুপ্রিম কোর্টের দুই সদস্যের একটি বেঞ্চ।
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাস থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। তিনি বর্তমানে ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলাসহ ৯ মে’র সহিংসতা সংক্রান্ত একাধিক মামলায় সাজাভোগ ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
কারাগারের মেডিকেল বোর্ডের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। আগে তার দৃষ্টিশক্তি ৬/৩৬ থাকলেও বর্তমানে তা ৬/৯-এ দাঁড়িয়েছে। অন্যদিকে, চশমাসহ তার বাম চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক (৬/৬) রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে উন্নত পর্যবেক্ষণের স্বার্থে তার দল বিশেষায়িত হাসপাতালেই চিকিৎসার দাবি জানাচ্ছে।
রিপোর্টারের নাম 






















