বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সম্পাদকীয় কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ও বর্তমান তিন নেতা জায়গা পেয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদের এই নতুন দায়িত্ব দেওয়া হয়। নতুন কেন্দ্রীয় নেতাদের শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এই তিন নেতা হলেন—সাইদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহীম এবং চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।
৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটিতে সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুল ইসলাম। তিনি গত কমিটিতে মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সাইদুল ইসলাম চবির ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং ২০২৩ সালে শাখা সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক হিসেবে অধ্যয়নরত রয়েছেন।
কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা সম্পাদক হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ ইব্রাহীমকে। তিনি ২০২৫ সালের প্রথম ছয় মাস চবি ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গত কমিটির শেষ ছয় মাসও তিনি শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মোহাম্মদ ইব্রাহীম চবির মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।
চাকসু ভিপি ও চবি শাখার বর্তমান সভাপতি ইব্রাহিম হোসেন রনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি চবির ইতিহাস বিভাগে এমফিল প্রোগ্রামে অধ্যয়নরত রয়েছেন।
রিপোর্টারের নাম 

























