পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সিলং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) গ্যালারিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেড় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জন এবং মানবসম্পদ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনের সঞ্চালনায় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, “রমজান মাস তাকওয়া অর্জনের মাস। আমাদের কর্মজীবনেও তাকওয়ার গুরুত্ব অপরিসীম।” তিনি দেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরিত করার ওপর জোর দিয়ে বলেন, “বাংলাদেশ জনসংখ্যার তুলনায় ছোট একটি দেশ, তাই সবার অধিকার আদায় করা কঠিন হয়ে পড়ে। একমাত্র মানবসম্পদে পরিণত করার মাধ্যমেই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।” অধ্যাপক হক জাতীয় জীবনের চাওয়া-পাওয়া পূরণে আল্লাহর সাহায্য কামনা করেন এবং সবাইকে বেশি বেশি দোয়া করার আহ্বান জানান। এই সুন্দর আয়োজনের জন্য তিনি রাবি প্রেসক্লাবকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান বলেন, “প্রেসক্লাবের এমন সুন্দর আয়োজনের জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রত্যাশা করি, প্রেসক্লাব সংবাদ পরিবেশনের পাশাপাশি রমজানের শিক্ষাকে ধারণ করে সবার সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসবে।”
ক্লাব সভাপতি মনির হোসেন মাহিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “রমজান মাস তাকওয়া অর্জনের মাস। আমরা এই এক মাস নিজেদের সংযত রেখে বিভিন্ন পাপ থেকে নিজেদের বিরত রাখি। রমজানের পাশাপাশি অন্যান্য মাসেও যেন আমরা সবাইকে সহযোগিতা করতে পারি, সেদিকে আমাদের নজর রাখতে হবে।” তিনি আরও বলেন, “রমজান মাস সাংবাদিকতার ওপরও ব্যাপক প্রভাব ফেলে; এটি সততা ও ন্যায়ের পথে অগ্রসর হওয়ার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষাকে ধারণ করে আমরা সারাবছর চলতে পারব বলে আশাবাদ রাখছি।”
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, রাকসুর নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 

























