চার বছর পেরিয়ে পঞ্চম বছরে পা রেখেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও ব্যাপক প্রাণহানির পরও সাম্প্রতিক তথ্য বলছে, রুশ বাহিনীর সামরিক অগ্রগতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে এসেছে। বিপরীতে, ইউক্রেন কৌশল পুনর্গঠন করে সীমিত পরিসরে হলেও পাল্টা সাফল্য অর্জন করছে।
যুদ্ধ বিশ্লেষকদের মতে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোকরোভস্ক এলাকায় রুশ বাহিনীর দৈনিক অগ্রগতি গড়ে প্রায় ৭০ মিটার। কুপিয়ানস্কের মতো অন্যান্য রণাঙ্গনে এই অগ্রগতি আরও কম, দৈনিক মাত্র ২৩ মিটার। সামগ্রিকভাবে, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ০.৮ শতাংশ, অর্থাৎ প্রায় ১ হাজার ৮৬৫ বর্গমাইল এলাকা দখল করতে সক্ষম হয়েছে। এই পরিসংখ্যান মস্কোর আগ্রাসনের ধীরগতির স্পষ্ট ইঙ্গিত।
এমন প্রেক্ষাপটে, ‘ইউক্রেন ধীরে ধীরে পরাজয়ের দিকে এগোচ্ছে’—রাশিয়ার এমন প্রচারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বরং ইউক্রেনীয় বাহিনী তাদের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করে সীমিত পরিসরে হলেও পাল্টা সাফল্য দেখাচ্ছে। জাপোরিঝঝিয়া অঞ্চলে সাম্প্রতিক অভিযান চালিয়ে ইউক্রেন প্রায় ৪০ বর্গমাইল এলাকা পুনর্দখল করেছে। একইসাথে, খারকিভ অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ কুপিয়ানস্ক শহরও তারা পুনরুদ্ধার করেছে, যা কিয়েভের প্রতিরোধের অন্যতম বড় দৃষ্টান্ত।
রিপোর্টারের নাম 























