যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং ওয়াশিংটনে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে (৭২) অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সামনে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের কূটনৈতিক মিশনের সর্বোচ্চ পদগুলির মধ্যে একটি হলো ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন। এপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের সম্পর্কের গভীরতা স্পষ্ট হওয়ার পর গত সেপ্টেম্বরে তাকে এই পদ থেকে বরখাস্ত করা হয়েছিল।
সম্প্রতি মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত একটি নথিতে দাবি করা হয়েছে যে, ম্যান্ডেলসন যুক্তরাজ্যের মন্ত্রী থাকাকালীন রাষ্ট্রীয় গোপনীয় তথ্যও এপস্টেইনের কাছে পাচার করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার এপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের যোগাযোগ সংক্রান্ত তথ্যাদি হাতে পাওয়ার পর চলতি মাসের শুরু থেকেই পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।
সোমবার, লন্ডন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে, “সরকারি দপ্তরে থাকাকালীন অসদাচরণ করেছেন এমন সন্দেহে কর্মকর্তারা ৭২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।” পরে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয় সময় সোমবার সকালে সেন্ট্রাল লন্ডনের তার বাড়ি থেকে সাদা পোশাকে আসা কর্মকর্তারা ম্যান্ডেলসনকে একটি গাড়িতে তুলে নিয়ে যান। কর্মকর্তাদের শরীরে ক্যামেরা লাগানো ছিল বলে ভিডিও ফুটেজে দেখা গেছে। এই গ্রেপ্তার প্রমাণ করে যে পুলিশ একটি অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব সহকারে দেখছে, যদিও এটি দোষী সাব্যস্ত হওয়ার কোনো প্রমাণ নয়।
পিটার ম্যান্ডেলসনের আইনজীবীরা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
রিপোর্টারের নাম 






















