মেক্সিকোর জালিস্কো প্রদেশে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও অসিগুয়েরা সাভাতেস, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত, তার মৃত্যু দেশজুড়ে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। এই ঘটনার জেরে দেশটির ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ২০টিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সরকারি সূত্রে জানা গেছে, চলমান সংঘর্ষে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের ২৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, রবিবার জালিস্কোর তাপালপা শহরে সাভাতেসকে গ্রেফতারের লক্ষ্যে একটি অভিযান পরিচালনা করে মেক্সিকোর সেনাবাহিনী। পরবর্তীতে তাকে রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় তার অনুসারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় সাভাতেস মারা যান।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং নিরাপত্তা বাহিনীর সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে, যা দ্রুত দেশব্যাপী এক ভয়াবহ সংকটে রূপ নেয়।
মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা জানিয়েছেন, এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির পশ্চিমাঞ্চলে অতিরিক্ত ২,৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। সরকার জানিয়েছে, রবিবার থেকে দেশজুড়ে মোট ৯,৫০০ সেনা মোতায়েন রয়েছে।
রিপোর্টারের নাম 






















