ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে এক ভয়াবহ বিস্ফোরণে ২৩ বছর বয়সী এক নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন এবং এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
ইউক্রেন পুলিশ জানিয়েছে, গত রোববার মধ্যরাতের কিছু পর লভিভের একটি দোকানে চুরি ও ভাঙচুরের অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পুলিশ দল পৌঁছানোর পরপরই সেখানে একটি ডাস্টবিনে রাখা দুটি বিস্ফোরক বিস্ফোরিত হয়। প্রথম বিস্ফোরণ ঘটে যখন পুলিশের প্রথম টহল দল ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্বিতীয় বিস্ফোরণ ঘটে দ্বিতীয় দল পৌঁছালে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম ভিক্টোরিয়া শপিলকা। ২৩ বছর বয়সী এই কর্মকর্তা ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই দেশ রক্ষায় দায়িত্ব পালন করছিলেন। আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ছয়জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে এই সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি জানিয়েছেন, হামলাকারী একজন ইউক্রেনীয় নারী ছিলেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো আরও বিস্তারিত জানিয়ে বলেছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়ে ৩৩ বছর বয়সী এক নারীকে আটক করেছে। তিনি উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভন অঞ্চলের বাসিন্দা। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















