ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই কংগ্রেসের আইনগত কর্তৃত্ব মেনে চলতে হবে। এই মর্মে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। পারমাণবিক আলোচনা চলা সত্ত্বেও তেহরান-ওয়াশিংটন সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যেই ডেমোক্র্যাটরা ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো ধরনের সামরিক অভিযানে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ডেমোক্র্যাট সদস্যরা জোরালোভাবে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক সিদ্ধান্ত গ্রহণের আগে ট্রাম্প প্রশাসনের উচিত কংগ্রেসের সঙ্গে বিস্তারিত আলোচনা করা। তাদের মতে, কংগ্রেসের সম্মতি ছাড়া এমন পদক্ষেপ নেওয়া হলে তা আইন লঙ্ঘনের শামিল হবে।
ফ্লোরিডার ডেমোক্র্যাট প্রতিনিধি ডেবি ওয়াসারম্যান শুলটজ প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ‘ইরান কেন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি এবং কেন সামরিক পদক্ষেপ জরুরি, তা কংগ্রেসের কাছে স্পষ্ট ব্যাখ্যা করতে হবে।’ তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কংগ্রেসের অনুমতি নিয়েছিলেন।
সিনেটের নেতা চাক শুমার অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন এখনো ইরান আক্রমণের উদ্দেশ্য ও কারণ পরিষ্কার করেনি এবং এই বিষয়ে কংগ্রেসের কোনো অনুমতিও চায়নি। তিনি জোর দিয়ে বলেন, ‘যুদ্ধ ঘোষণার একমাত্র কর্তৃপক্ষ হলো কংগ্রেস এবং যুদ্ধের জন্য আইনগত ক্ষমতা প্রয়োগ করা আবশ্যক।’
এদিকে, মার্কিন সেন্ট্রাল আর্মড সার্ভিসেস কমিটির সদস্য জ্যাক রিড সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে ইরানকে আক্রমণ করা কৌশলগতভাবে মারাত্মক ভুল হবে। তিনি এর অনিয়ন্ত্রিত পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রিড বলেন, ‘যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু তা শেষ করা অনেক কঠিন।’
রিপোর্টারের নাম 






















