আসন্ন ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতা এবং বকেয়া বেতন পরিশোধসহ ১৩ দফা দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে এসব দাবি তুলে ধরা হয়। বৈঠক শেষে মন্ত্রী শিক্ষকদের দাবিগুলো পর্যালোচনার আশ্বাস দেন।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষক নেতারা বলেন, উৎসবের আগে শিক্ষকদের আর্থিক অনিশ্চয়তা দূর করা প্রয়োজন। তারা যেন কোনো ধরনের মানসিক ও আর্থিক চাপ ছাড়াই শিক্ষার্থীদের পাঠদান করতে পারেন, সেজন্য ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বেতন নিশ্চিত করার দাবি জানান তারা।
শিক্ষকদের দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদানের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং এটি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। গত শনিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ওই সভার প্রায় ৯০ শতাংশ সময় ব্যয় হয়েছে শিক্ষার বিভিন্ন উন্নয়নমূলক ইস্যু নিয়ে।
শিক্ষকদের রাজপথে আন্দোলনের প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষকদের সকল যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে। কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে, এর জন্য কাউকে আর রাস্তায় নামতে হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
রিপোর্টারের নাম 

























