ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। লিবিয়া ও গ্রিসের পৃথক দুটি উপকূলীয় এলাকা থেকে অন্তত আটজন শরণার্থীর নিথর দেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মধ্যে লিবিয়ার ত্রিপোলি উপকূলে পাঁচজন এবং গ্রিসের ক্রিট দ্বীপের কাছে তিনজনের মরদেহ পাওয়া গেছে।
লিবিয়ার নিরাপত্তা বাহিনী জানায়, দেশটির রাজধানী ত্রিপোলির নিকটবর্তী কাসর আল-আখিয়ার নামক উপকূলীয় শহরে শনিবার স্থানীয় বাসিন্দারা সমুদ্রতীরে লাশগুলো পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচজন শরণার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
কাসর আল-আখিয়ার থানার তদন্ত কর্মকর্তা হাসান আল-গাওয়িল আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে। তবে সমুদ্রে আরও লাশ ভেসে থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন। নিখোঁজদের সন্ধানে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
অন্যদিকে, গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে পৃথক এক দুর্ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে নিহতরা কোন দেশের নাগরিক এবং কীভাবে এই দুর্ঘটনার কবলে পড়লেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
উন্নত জীবনের আশায় প্রতি বছর হাজার হাজার মানুষ বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে, যথাযথ নিরাপত্তার অভাব ও ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে প্রায়ই ভূমধ্যসাগরে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটছে।
রিপোর্টারের নাম 





















