রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর প্রদেশে একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ ও আরোহীদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আঞ্চলিক প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, আমুর প্রদেশের রোমনেনস্কি জেলায় দীর্ঘ তল্লাশি অভিযান শেষে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান মেলে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছে যে, হেলিকপ্টারে থাকা তিন আরোহীর কেউই বেঁচে নেই। বিধ্বস্ত স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ‘রবিনসন’ মডেলের ওই বেসরকারি হেলিকপ্টারটি গত সোমবার উড্ডয়নের কিছুক্ষণ পরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই সেটির সন্ধানে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর অবশেষে দুর্গম এলাকা থেকে এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হলো। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি; বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 























