আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ইসলামাবাদে সাম্প্রতিক এক আত্মঘাতী হামলার প্রতিশোধ নিতে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির সীমান্তবর্তী আফগান ভূখণ্ডে সক্রিয় ‘ফিতনা আল খারিজ’-এর সহযোগী সংগঠন এবং ‘দায়েশ-খোরাসান’-এর অন্তত সাতটি গোপন আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। মূলত সন্ত্রাসবাদ দমনের অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে তারা।
এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগান কর্তৃপক্ষের দাবি, নাঙ্গারহার এবং পাকটিকা প্রদেশের জনবসতিপূর্ণ এলাকা ও একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদ্রাসায় এই বোমা বর্ষণ করা হয়েছে। এতে সাধারণ নাগরিকরা প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে।
আঞ্চলিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে, শুধুমাত্র নাঙ্গারহার প্রদেশেই ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই হামলার ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান সীমান্ত উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ওদিকে, আবাসিক এলাকায় হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
রিপোর্টারের নাম 























