সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে বড় ধরনের অভিযান চালিয়ে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে গত ১২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী পরিচালিত এক যৌথ নিরাপত্তা অভিযানে তাদের আটক করা হয়।
সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী আবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন, যার সংখ্যা ১২ হাজার ১৫৩ জন। এছাড়া শ্রম আইন অমান্য করায় ২ হাজার ৮৪৫ জন এবং সীমান্ত নিরাপত্তা বিধিমালা ভঙ্গের অভিযোগে ৪ হাজার ১০৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ৬৬৩ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। দেশটিতে বসবাসরত প্রবাসীদের বৈধ কাগজপত্র ও যথাযথ আইন মেনে চলার বিষয়ে কড়াকড়ি আরোপের অংশ হিসেবেই এই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 























