মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পোর্ট সাইদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সড়কটিতে একটি যাত্রীবাহী পিকআপ দুটি বড় ট্রাকের মাঝে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে গেছে এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। জানা গেছে, পিকআপটিতে স্থানীয় জেলেরা মাছের খামারে কাজ করতে যাচ্ছিলেন।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, পোর্ট সাইদ প্রদেশের গভর্নরের মাধ্যমে তিনি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
—
রিপোর্টারের নাম 























