ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও দেশটির মধ্যে চলমান আলোচনার অচলাবস্থা এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে উভয় পক্ষের সামরিক তৎপরতার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা ইরানের পারমাণবিক চুক্তি বিষয়ক আলোচনা স্থবির হয়ে আছে। একই সময়ে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় দুই দেশের সামরিক উপস্থিতি বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের মূল্যে।
আন্তর্জাতিক লেনদেনের শুরুতে ব্রেন্ট ফিউচার তেলের দাম ব্যারেল প্রতি ২৩ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়ে ৭০ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৫ সেন্ট বা দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৬৫ দশমিক ৪৪ ডলারে লেনদেন হয়েছে।
এর আগের কার্যদিবসেও বিশ্ববাজারে তেলের উভয় সূচক চার শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছিল, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ বৃদ্ধিগুলোর মধ্যে অন্যতম। মূলত, চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে তেল সরবরাহে সম্ভাব্য বাধার ঝুঁকিকে সামনে রেখে ব্যবসায়ীরা মূল্য পুনর্নির্ধারণ করছেন।
রিপোর্টারের নাম 























