কৃষিখাতকে দেশের অর্থনীতির মেরুদণ্ড আখ্যা দিয়ে এক বছরের মধ্যে শিল্পভিত্তিক উপায়ে কৃষি পণ্য রপ্তানির ঘোষণা দিয়েছেন কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ। একই সময়ে কৃষি পণ্যের আমদানি কমিয়ে আনারও মহাপরিকল্পনা রয়েছে সরকারের। বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষি। বৃহৎসংখ্যক জনগোষ্ঠী সরাসরি এ খাতের সঙ্গে জড়িত। তাই সঠিক ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে শুধু আমদানি কমানো নয়, বরং শিল্পভিত্তিক উপায়ে কৃষি পণ্য রপ্তানি বাড়ানোর দিকে সরকার বিশেষ নজর দেবে। এই লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় নবনিযুক্ত কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপিও বক্তব্য রাখেন। তিনি কৃষিখাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে কৃষি মন্ত্রণালয়ে যোগদানের পর নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রিপোর্টারের নাম 























