উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের লঘুচাপটি এবার মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ সোমবার থেকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। সাগর উত্তাল থাকায় দেশের প্রধান সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী ৩০ জুলাই পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। যদিও বর্ষা মৌসুম হওয়ায় সারা দেশেই কমবেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে রাজধানী ঢাকায় বৃষ্টি হলেও দিনের বেশিরভাগ সময় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই।
মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদে ও উপকূলের কাছাকাছি থেকে চলাচল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, গত কয়েক দিনের বৃষ্টিপাত কম থাকায় দেশের বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে, সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন দেশের নদ-নদীর পানি কমার ধারা অব্যাহত থাকতে পারে বলে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে।
রিপোর্টারের নাম 





















