উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলের লঘুচাপটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের উপকূলীয় এলাকায় আগামী সোমবার থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা— এই চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় আগামী ৩০ জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া, বর্ষাকালীন স্বাভাবিক বৃষ্টিপাত সারাদেশেই কমবেশি হতে পারে। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হতে পারে, তবে দিনের বেশিরভাগ সময় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রোববার সারাদেশে আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক ছিল। সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারের টেকনাফে ৪৯ মিলিমিটার। বৃষ্টি কমায় তাপমাত্রা কিছুটা বেড়েছে; মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, গত তিনদিনে বৃষ্টিপাত কমায় দেশের বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যদিও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে সুরমা-কুশিয়ারার পানি কমতে শুরু করেছে এবং আগামী তিনদিন এই ধারা অব্যাহত থাকতে পারে। অন্যান্য নদীর পানিও কমতির দিকে রয়েছে।
রিপোর্টারের নাম 



















