পবিত্র মক্কার কিং আবদুল আজিজ ওয়াকফ প্রাঙ্গণে আয়োজিত ‘ইকরাম প্রদর্শনী’তে দর্শনার্থীদের প্রধান আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে এক হাজার বছরেরও বেশি পুরোনো পবিত্র কোরআনের একটি অত্যন্ত দুর্লভ পান্ডুলিপি।
সৌদি আরবের পবিত্র দুই মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির তত্ত্বাবধানে আয়োজিত এই প্রদর্শনীটি মুসলিম উম্মাহর নিকট কোরআনের প্রতি গভীর ভক্তি ও ভালোবাসার এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
ইতিহাসের প্রখ্যাত ক্যালিগ্রাফার আলি বিন হিলাল, যিনি ‘ইবনে আল-বাওয়াব’ নামে বিশ্বজুড়ে পরিচিত, তার হাতে লেখা এই পাণ্ডুলিপিটি তার শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বের জন্য অত্যন্ত মূল্যবান।
এই প্রদর্শনীর বিশেষত্ব হলো, মূল পাণ্ডুলিপিটি দেখার পাশাপাশি দর্শনার্থীরা এর পাতাগুলোর ক্যালিগ্রাফি ও অলংকরণের ওপর বিস্তারিত একাডেমিক সূচক এবং বিশ্লেষণ দেখার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে আগতরা কয়েক শতাব্দী ধরে আরবি ক্যালিগ্রাফি এবং ইসলামিক অলংকরণের বিবর্তনের ইতিহাস সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন।
বিশেষজ্ঞরা এই পাণ্ডুলিপিটিকে বিশ্বজুড়ে অন্যতম বিরল ইসলামিক সংগ্রহ হিসেবে গণ্য করেন। বিশ্বজুড়ে ইবনে আল-বাওয়াবের হাতে লেখা এই বিশেষ পাণ্ডুলিপির মাত্র দুটি কপি টিকে রয়েছে, যা ইসলামের ইতিহাসে পবিত্র কোরআনের মর্যাদাকে আরও উজ্জ্বল করে তুলেছে। মক্কার এই প্রদর্শনী কেবল প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণ নয়, বরং ইসলামী শিল্প ও ঐতিহ্যের বিকাশে এক অনন্য মাইলফলক হিসেবে কাজ করছে।
রিপোর্টারের নাম 
























