ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের প্রধান সড়কটি এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ী, ইজিবাইক, মোটরচালিত রিকশা, ভ্যান ও বিভিন্ন যানবাহনের দখলে। বাসস্ট্যান্ড থেকে বড়বাজার পর্যন্ত বিস্তৃত এই সড়কের দুই পাশ দখল করে গড়ে উঠেছে বিভিন্ন পণ্যের দোকান। ডাব, সিদ্ধ ডিম, মৌসুমি ফল, ফলের জুসসহ নানা ধরনের দোকান রঙিন ছাতা টাঙিয়ে রাস্তার ওপরই বসানো হয়েছে, যা পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের ডিভাইডারের উত্তর পাশে প্রায় ৩০ ফুট প্রশস্ত রাস্তার ২৫ ফুট এবং দক্ষিণ পাশে প্রায় ২৫ ফুট রাস্তার ২০ ফুটই অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। এর ফলে যানবাহন চলাচলের জন্য সামান্য জায়গা অবশিষ্ট থাকায় সারাক্ষণ যানজট লেগে থাকে। পরিস্থিতি আরও নাজুক হয় বর্ষাকালে, যখন জলাবদ্ধতা ও সড়কের বেহাল দশা জনদুর্ভোগ বাড়িয়ে তোলে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় সড়কে জমে থাকা কাদা পানির ওপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলাচল করলে পানি ছিটকে পথচারী ও দোকানপাটে লাগছে, যা প্রতিদিনের ভোগান্তি বাড়াচ্ছে।
সড়কের পাশে অবস্থিত রূপসাগর গ্লাস হাউজের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, দোকানের সামনে ফুটপাত দখল করে ব্যবসা চলায় ক্রেতারা সহজে দোকানে আসতে পারেন না। মোকাম থেকে মালামাল আনতেও দোকানের সামনে গাড়ি দাঁড় করানোর জায়গা পাওয়া যায় না। এ বিষয়ে কিছু বলতে গেলে প্রতিনিয়ত বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও কোনো সমাধান মেলেনি। কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী কবির হাসান জানিয়েছেন, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মিনি স্টেডিয়াম এলাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি ইজিবাইক ও অন্যান্য ছোট যানবাহনের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের পরিকল্পনাও রয়েছে।
রিপোর্টারের নাম 


















