বাংলাদেশ রেলওয়েকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার। দেশের প্রধান এই পরিবহন ব্যবস্থাকে লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রেলের উন্নয়ন ও রেল যাত্রীসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। রেলের লোকসান কমিয়ে একে একটি লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে রেলকে ঢেলে সাজাতে হবে।
সভায় মন্ত্রী আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহারে রেলকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছিল। এই লক্ষ্যকে সামনে রেখে টিকিট কালোবাজারী প্রতিরোধ, দুর্নীতি দমন এবং যাত্রীসেবার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত রেলযাত্রা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। একইসাথে আগামী ১৮০ দিনের মধ্যে রেলওয়ের জন্য একটি বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন যাত্রার সময় কিভাবে কমিয়ে আনা যায়, তা আগামী এক সপ্তাহের মধ্যে খুঁজে বের করে সে অনুযায়ী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদ্বয় হাবিবুর রশিদ ও রাজীব আহসান। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















