সিলেট অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ৪.১ রিখটার স্কেলের এই ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট ও এর আশপাশের এলাকা। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, এই কম্পন স্বল্পস্থায়ী হলেও এর মাত্রা ছিল ৪.১। সংস্থাটির কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তার দেওয়া তথ্যমতে, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে ১৮৭ কিলোমিটার।
গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে সিলেট অঞ্চলে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো। এর আগে গত ১০ ফেব্রুয়ারি ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলা। এছাড়া, ৯ ফেব্রুয়ারিও গোয়াইনঘাটে আরেকটি ভূমিকম্পের খবর পাওয়া যায়।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির এই ভূমিকম্পকে ‘স্বল্পমাত্রার ও গতানুগতিক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের ভূমিকম্প মাঝেমধ্যেই হয়ে থাকে এবং এটি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।
রিপোর্টারের নাম 























