সিরিয়া থেকে নিজেদের সব সৈন্য পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দুই মাসের মধ্যে দেশটিতে মোতায়েন থাকা অবশিষ্ট প্রায় এক হাজার মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রায় এক দশকের দীর্ঘ সামরিক উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে।
মার্কিন প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে সিরিয়ায় অবস্থানরত অবশিষ্ট সেনাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ সিরিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘আল তানফ গ্যারিসন’ এবং উত্তর-পূর্বাঞ্চলের ‘আল শাদ্দাদি’ ঘাঁটি থেকে নিজেদের সৈন্য সরিয়ে নিয়েছিল ওয়াশিংটন। বর্তমানে দেশটিতে থাকা বাকি সেনাদেরও সরিয়ে নেওয়ার মাধ্যমে সিরিয়ায় মার্কিন সামরিক অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি হতে যাচ্ছে।
উল্লেখ্য, প্রায় এক যুগ আগে মধ্যপ্রাচ্যে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান ঠেকাতে এবং তাদের দমনে সিরিয়ার বিভিন্ন স্থানে বেশ কিছু সামরিক ঘাঁটি স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। দীর্ঘ ১০ বছর ধরে এসব ঘাঁটি থেকে আইএসবিরোধী অভিযান পরিচালনা করে আসছিল মার্কিন বাহিনী। তবে পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এখন সেখান থেকে পুরোপুরি বিদায় নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।
রিপোর্টারের নাম 























