পবিত্র রমজান মাসের মহিমা ও সংযমকে সম্মান জানিয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। দুবাইয়ের বিভিন্ন সংশোধন কেন্দ্রে সাজাপ্রাপ্ত ১,৮৫৬ জন বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদের তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন তিনি। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
দুবাইয়ের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দিরা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। তারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে দুবাইয়ের শাস্তিমূলক প্রতিষ্ঠানগুলোতে কারাভোগ করছিলেন। প্রতি বছর রমজান মাসে মানবিক বিবেচনায় এবং অপরাধীদের সংশোধনের সুযোগ দিতে এমন পদক্ষেপ নেওয়া হয়।
দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ইসাম ইসা আল-হুমাইদান এই সিদ্ধান্তের বিষয়ে বলেন, শেখ মোহাম্মদের এই ক্ষমা প্রদর্শনের মূলে রয়েছে গভীর মানবিক দৃষ্টিভঙ্গি। এর মাধ্যমে মূলত বন্দিদের পরিবারে আনন্দের পরিবেশ ফিরিয়ে আনা এবং তাদের নতুনভাবে জীবন শুরুর সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এই মহতী উদ্যোগের ফলে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা অতীতের ভুল সংশোধন করে পুনরায় মূল ধারার সমাজে একীভূত হওয়ার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু করেছে যাতে তারা দ্রুত পরিবারের কাছে ফিরে যেতে পারেন।
রিপোর্টারের নাম 























