ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরকালে দুই দেশের সম্পর্ক ‘বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত হয়েছে। এই সফরে সামরিক সহযোগিতা জোরদারের বার্তা দেওয়া হয়েছে এবং রাফাল যুদ্ধবিমান ও হ্যামার ক্ষেপণাস্ত্র নির্মাণসহ সামরিক ও বেসামরিক ক্ষেত্রে ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত হয়েছে।
মুম্বাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মধ্যে এক দীর্ঘ বৈঠক শেষে এই ঘোষণা আসে। বৈঠকটি মূলত দুই দেশের সামরিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার উপর জোর দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে ১১৪টি রাফাল যুদ্ধবিমান ক্রয় এবং ‘হ্যামার’ ক্ষেপণাস্ত্র নির্মাণে যৌথ সহযোগিতাসহ প্রতিরক্ষা খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এছাড়াও, এই সফরের অংশ হিসেবে ভারতের কর্ণাটক রাজ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার অ্যাসেম্বলি কারখানার উদ্বোধন করা হয়েছে। এটি দুই দেশের প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।
তিন দিনের সরকারি সফরে সস্ত্রীক মুম্বাইয়ে পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মুম্বাইয়ের রাজ্যপাল আবাস ‘লোকভবন’-এ বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেন, ফ্রান্স ভারতের অন্যতম প্রাচীন কৌশলগত অংশীদার এবং প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নেতৃত্বাধীন সরকারের সময়ে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। ম্যাক্রোঁ তার দিল্লি পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন।
রিপোর্টারের নাম 























