ভারতের বিহার রাজ্যে এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার নীতিগতভাবে এই প্রস্তাব অনুমোদন করেছে। এই নতুন নিয়মের ফলে খোলা স্থানে বা ফুটপাতে মাছ-মাংস বিক্রি করা যাবে না; কেবল লাইসেন্সপ্রাপ্ত নির্দিষ্ট দোকানেই এসব পণ্য বিক্রির অনুমতি থাকবে।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানান, এই বিধিনিষেধ সবার জন্য প্রযোজ্য হবে এবং কেউ নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে এবং আইন অমান্যকারীদের জন্য কী ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা আসেনি।
এর আগে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ধর্মীয় স্থানগুলোর ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। বিহারের এই নতুন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বিহার রাজ্যে ইতিমধ্যেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতেও একই ধরনের বিধিনিষেধ আরোপের পথে এগোচ্ছে রাজ্য সরকার, যা রাজ্যের জনজীবনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 























