পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে প্রথম তারাবি নামাজ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ।
বুধবার রাতে রমজানের প্রথম তারাবিতে অংশ নিতে ফিলিস্তিনের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আল-আকসায় জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদের মূল ভবনের ভেতরে তিল ধারণের জায়গা না থাকায় বিপুল সংখ্যক মানুষ আঙিনা ও আশপাশের খোলা জায়গায় কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন। এবারের প্রথম তারাবিতে ইমামতি করেন প্রখ্যাত আলেম শেখ ইউসুফ আবু স্নেইনাহ।
নামাজ চলাকালে মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে দেখা যায়, মুসল্লিরা যখন ইবাদতে মগ্ন, তখন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা মসজিদ প্রাঙ্গণে টহল দিচ্ছেন।
এর আগে, জেরুজালেম ও ফিলিস্তিন অঞ্চলের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেন বুধবারকে রমজান মাসের প্রথম দিন হিসেবে ঘোষণা করেন। সেই অনুযায়ী যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আল-আকসায় মাসব্যাপী সিয়াম সাধনার আনুষ্ঠানিকতা শুরু হলো।
রিপোর্টারের নাম 























