জার্মানির মিউনিখে সম্প্রতি অনুষ্ঠিত একটি বিশাল সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। ‘ইরানবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে তেহরান তার গভীর অসন্তোষ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
গত শনিবার মিউনিখ শহরে আয়োজিত এই বিক্ষোভে প্রায় আড়াই লাখ মানুষ অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। সমাবেশে বক্তব্য রাখেন ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের পুত্র এবং বর্তমান ইরানি শাসনব্যবস্থার কট্টর সমালোচক রেজা পেহলভি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, জার্মানির মাটিতে ‘ইরানবিরোধী কর্মকাণ্ড’ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ধ্বংসাত্মক অবস্থান’ নেওয়ার প্রতিবাদে জার্মান রাষ্ট্রদূত অ্যাক্সেল ডিটম্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। রাষ্ট্রদূত ইরানের ‘তীব্র প্রতিবাদ ও গভীর অসন্তোষ’ তার সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। গত মাসে জার্মানির ফ্রিডরিখ মের্জ মন্তব্য করেছিলেন, ‘আমরা এখন এই শাসনব্যবস্থার শেষ দিন ও সপ্তাহগুলো প্রত্যক্ষ করছি’।
তবে তেহরান কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরবর্তীতে তা ‘বিদেশি প্ররোচনায় দাঙ্গায়’ পরিণত হয় এবং এর জন্য তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। ইরান স্বীকার করেছে যে, অস্থিরতার সময় নিরাপত্তা বাহিনী ও পথচারীসহ তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং এই সহিংসতার জন্য ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ দায়ী। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, নিহতের সংখ্যা সাত হাজারেরও বেশি, যাদের অধিকাংশই বিক্ষোভকারী।
রিপোর্টারের নাম 























