রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি ছাত্রাবাস (মেস) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুল সংলগ্ন একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম ইমরান নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। ইমরানের স্থায়ী নিবাস গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।
গেন্ডারিয়া থানা পুলিশ জানায়, ধূপখোলা এলাকার রজনী চৌধুরী রোডের একটি বাসায় ইমরানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সহপাঠী ও শিক্ষক মহলে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার কলতাবাজারের একটি মেস থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবা সুলতানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। সংশ্লিষ্ট তথ্যমতে, চলতি বছরের প্রথম দুই মাসেই বিশ্ববিদ্যালয়টির অন্তত তিনজন শিক্ষার্থী ‘আত্মহত্যা’র পথ বেছে নিলেন।
রিপোর্টারের নাম 






















